কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের একদল সমর্থক। মঙ্গলবার দুপুরে তারা কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। এ সময় প্রবেশদ্বারের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন তারা।

বিক্ষোভকারীরা ফটকে গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দেন। পরে তারা সেখান থেকে চলে যান।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষ নিয়ে আনন্দবাজারের প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করা হয়। এ নিয়ে আপত্তি জানিয়ে শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি তোলে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন।

এর আগে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করে।

বিক্ষোভকারীদের দাবি, সরকার বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করা সংবাদমাধ্যমের অধিকার হলেও গেরুয়া রংকে অসম্মান করা মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলের পক্ষ থেকে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

ঘটনার পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উচ্চ যেথা শির’ ক্যাপশনে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে গেরুয়া রং লাগানো স্থানটি পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনার দৃশ্য দেখা যায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.