আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করে। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
এদিকে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এরপর দুপুর ১টার দিকে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এর আগে বুধবার বিএনপি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। তবে বিতর্ক এড়াতে বৈঠকটিকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির সভা হিসেবে উল্লেখ করতে চাইছে না দলটি।
গত ১০ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.