চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত ও শপথ নেওয়া সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, সরোয়ার আলমগীরের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। একই সঙ্গে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এ আবেদনের ওপর ২৭ ও ২৮ জুলাই দুই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন।
মামলার সূত্রে জানা যায়, ভোটের আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলে ঋণখেলাপির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমীন নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে।
পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে রুল জারি করেন।
এরপর নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আদালত লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.